২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ ভাই হত্যা: ৮ জনের যাবজ্জীবন

গাজীপুরের কালিয়াকৈরে দুই ভাইকে হত্যা মামলার রায়ে আটজনকে যাবজ্জীবন এবং আরো আটজন সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুরুল ইসলাম, নজরুল ইসলাম, ফজলুল হক ফজল, রহমত আলী শিকদার, হাছেন আলী, হযরত আলী, আব্দুল আলী, জাকির হোসেন।

সেইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে আব্দুল আলী পলাতক।

এছাড়া জমিতে অবৈধ প্রবেশের দায়ে নজরুল ইসলাম, ফজলুল হক ফজল, নুরুল ইসলাম, আব্দুল আলী, জাকির হোসেনকে আরো তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সাত বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাহাদুর আলী, সুজন আলী, চান আলী, শহিদুল ইসলাম, বুজরত আলী, আকবর আলী, আমজাদ আলী, আজিজুল হক।

কারাদণ্ডের সঙ্গে এদের প্রত্যেককে পাঁচ হাজার করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং জমিতে অবৈধ প্রবেশের দায়ে আরো তিন বছর ও এক হাজার জরিমানা আরো অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বলেন, মকবুল হোসেন দেওয়ানকে হত্যার দায়ে নুরুল ইসলাম, নজরুল ইসলাম, ফজলুল হক ফজল, রহমত আলী শিকদার, হাছেন আলী, হযরত আলীকে এবং কলিমুদ্দিন দেওয়ানকে হত্যার দায়ে আব্দুল আলী, জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত।

রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সাখাওয়াৎ হোসেন দেওয়ান।

২০০০ সালের ৬ ডিসেম্বর দুপুরে পূর্বশত্রুতার জের ধরে  কালিকৈরের গলাচিপায় বাড়ির কাছে  জমিতে মেহগনি গাছ রোপন ও পরিচর্যার  সময় খুন হন মকবুল দেওয়ান এবং কলিম উদ্দিন দেওয়ান। জমিটি নিয়ে খুনিদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। ওই সময় মকবুল ও কলিমের অপর  ভাই একলাস দেওয়ান  এবং  একলাসের ছেলে রফিকুল , জহিরুলকে ও ভাগ্নে আরিফুলকেও আহত  করে আসামিরা।

এ ঘটনার পরের দিন  নিহতদের আরেক ভাই সাখাওয়াৎ হোসেন দেওয়ান বাদি হয়ে প্রথমে ১৯ জনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)  পরিদর্শক আমিনুল ইসলাম ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ৪৭ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেন বিচারক।