রাজধানীতে আ. লীগ নেতার ঝুলন্ত লাশ
রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাড়ি থেকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আলাউদ্দীন আলাল নামে ওই নেতা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুরোপুরি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছে পুলিশ।
আলাউদ্দীন ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪৬ নম্বর ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক ছিলেন। মোহাম্মদপুরের রহিম ব্যাপারির ঘাটের ২৩/২ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন তিনি।
ওই বাড়ি থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলাউদ্দীনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “পারিবারিক কলহের জের ধরে আলাউদ্দীন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়নাতদন্তের পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”
থানার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলাউদ্দীনের প্রথম স্ত্রী সন্তান নিয়ে চাঁদপুর থাকেন।
আট বছর আগে মনিকা রায় শান্তা নামে এক হিন্দু এই নারীকে বিয়ে করেন আলাউদ্দীন। মোহাম্মদপুরের এই বাসায় তাকে নিয়েই থাকতেন তিনি।
মৃত্যুর কারণ জানতে শান্তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেন জানান ওসি।
শান্তা পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর আলাউদ্দীন পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলেন।
ওসি বলেন, “আলাউদ্দীনের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, শান্তা এবং তার ভাই অমৃত লাল রায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
