২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারামুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে ‘ভাইয়ের হাতে’ খুন

কুমিল্লা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি খুন হয়েছেন ‘আপন ছোট ভাইয়ের’ হাতে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 11:02 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর পার্ক রোডে এ হামলায় নিহত আবুল বাশার (৩৮) চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের আলী আজমের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত শামছুজ্জামান জানান, আবুল বাশার এবং তার ছোটভাই ইসমাঈল হোসেনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।

এ ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন আবুল বাশার।

বুধবার সন্ধ্যায় জামিনে বের হয়ে বাশার তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।

সন্ধ্যা ৬টার দিকে পার্ক রোড এলাকায় পৌঁছলে ইসমাঈল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বাশারকে উপর্যুপরী আঘাত করে পালিয়ে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।