২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়ের হত্যামামলায় বিচারকের সাক্ষ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া বিচারক সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 08:55 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রইবুনালের বিচারক এবিএম নিজামুল হকের আদালতে সাক্ষ্য দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারকি হাকিম কাজী শহীদুল ইসলাম।

সাক্ষ্য দেয়ার পর হাকিম কাজী শহীদুল ইসলামকে জেরা করেন আসামি নাজমুস সাকিব তপু ও মাহবুব আকরামের আইনজীবীরা।

আদালত আগামি ২ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করেছেন।

মামলার তদন্তের সময় আসামি নাজমুস সাকিব তপু ও মাহবুব আকরাম নিজেদের ও অন্য আসামিদের সম্পৃক্ততা স্বীকার করে এই বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

২ ফেব্রুয়ারি ‘সন্ত্রাসের  বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীদের দুজনকে আদালত প্রাঙ্গণে হত্যার হুমকির বিষয়ে এ ট্রাইবুনালের পিপিকে পাঠানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপরও শুনানি হবে।

গত ১৯ জানুয়ারি পুরান ঢাকায় আদালত প্রাঙ্গণে এই হুমকি দেয়া হয় বলে পদার্থবিজ্ঞান বিভাগের সৈয়দ নাজমুল হোসাইন এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের ছাত্র রাজিবুল ইসলাম কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

প্রায় দুই বছর আগে এ হত্যাকাণ্ডের মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন সাতজন।

২০১২ সালের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় নিহত হন আরেক পক্ষের কর্মী ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র জুবায়ের।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিবন্ধক হামিদুর রহমান আশুলিয়া থানায় মামলা করেন। ২০১২ সালের ৮ এপ্রিল ৩৭তম ব্যাচের ১৩ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ।

আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ, জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ, রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন।

ওই হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট আন্দোলনে খুনিদের মদদদাতা হিসেবে তৎকালীন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ওই আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে।