২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানাহাজতে ‘আত্মহত্যার’ চেষ্টা রানা হত্যার সন্দেহভাজনের

রাজধানীর মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক এক যুবক থানা হাজতে নিজের গলাকেটে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 05:36 PM

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রমনা থানাহাজতে এ ঘটনার পর মতিউর রহমান রিপন (৩০) নামের ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, রিপন বর্তমানে ‘আশঙ্কামুক্ত’।

 “রিপন থানার হাজতখানায় ধারালো কিছু দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।”

থানার হাজতখানায় রিপনের হাতে কীভাবে ‘ধারালো বস্তু’ পৌঁছলো- এমন প্রশ্নে উপ কমিশনার বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

“বুধবার রিপনের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা ছিল। কিন্তু আদালতে নেয়ার পর সে জবানবন্দি দেয়নি। তাকে থানায় ফেরত নেয়ার পর এ ঘটনা ঘটায়।”

গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় মগবাজার চৌরাস্তা মসজিদ সংলগ্ন গলিতে মাহবুব হোসেন রানাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সে সময় পাশেই আরেকটি মোটরসাইকেলে ছিলেন রিপন।

তিনিই আহত রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিসকরা রানাকে মৃত ঘোষণা করেন।  

ওইদিনই রিপনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।