ঝালকাঠীতে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় নদী থেকে এক মাদ্রাসাছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে লাশ ঘোষেরহাট এলাকায় হলতা নদীতে আসমা আক্তার মুন্নির (১৫) লাশ পাওয়া যায়।
আসমা উপজেলার জোড়খালি গ্রামের আবুল কালামের মেয়ে। সে আমুয়া ছোনাউডা দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল।
কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে ছাত্রীর ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
তিনি জানান, পরিবারের সদস্যরা বলেছেন- মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে আসমা নিখোঁজ ছিল।
বুধবার বিকালে তার অভিভাবকরা থানায় জিডি করতে গিয়ে লাশ উদ্ধারের কথা জানতে পারেন।
কীভাবে তার মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি তোফাজ্জেল।
