ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ায় ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে মারা গেছে এক স্কুলছাত্র।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গেণ্ডারিয়ার ঢালকা নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামীম ইসলাম (১৩) ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছেন তার বাবা কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম।
নজরুল ইসলাম ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বিকালে বাসার পাঁচতলার ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল লামীম। হঠাৎ সে ওপর থেকে পড়ে মারাত্মক আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
