মুক্তি পেলেন হান্নান শাহ
ছয় মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক জানান, জামিনের কাগজ পেয়ে বুধবার বেলা পৌনে ১১টার দিকে এই বিএনপি নেতাকে মুক্তি দেয়া হয়।
গত বছরের ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামীর তাণ্ডব এবং ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় ভাংচুর, বোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানায় পাঁচটি ও ভাটারা থানায় একটি মামলায় সম্প্রতি জামিন পান হান্নান শাহ।
গত বছর ২৫ নভেম্বর রাজধানীর গুলশান থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। গত ২৯ নভেম্বর থেকে কাশিমপুরেই রাখা হয়েছিল বিএনপির এই নেতা।
গাজীপুর বিএনপির নেতা-কর্মীরা কারাফটকে হান্নান শাহকে স্বাগত জানান। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন সরকার ও মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি এ সময় উপস্থিত ছিলেন।
