ড্যাপের সমালোচনায় পূর্তমন্ত্রী
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) সমালোচনা করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
মঙ্গলবার সকালে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “ড্যাপ-এর কথা বলে উন্নয়ন কাজ বন্ধ রাখা ঠিক নয়।”
পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক থাকলে যে কোনো স্থানে ভবন নির্মান বন্ধ রাখা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পূর্বাচল প্রকল্পের উদাহরণ টেনে মোশাররফ বলেন, “পূর্বাচলের সব কিছু তৈরি হয়ে গেলে এটা গুলশাল-বনানীর চেয়ে বেশি আকর্ষণীয় হবে।”
পরিকল্পিত নগরায়নের জন্য ২০১০ সালে ড্যাপ প্রণয়ন করে রাজউক। ড্যাপের মেয়াদ শেষ হবে ২০১৫ সালে।
আবাসন নির্মাতারা রাজউকের এই পদক্ষেপের ঘোর বিরোধিতা করে আসছে।
সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবে মন্তব্য করে গণপূর্তমন্ত্রী বলেন, “নির্বাচন হয়েছে পাঁচ বছরের জন্য, সুতরাং আগামী পাঁচ বছর আমরাই থাকব। এজন্য আমাদের কাজের পরিকল্পনা ও চিন্তার মধ্যে পাঁচ বছরের কার্যপরিধি রাথতে হবে।”
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
