জামায়াত নিষিদ্ধে দেরি করছে সরকার: সিপিবি সভাপতি
'মানবতাবিরোধীদের দল' জামায়াতের রাজনীতি নিষিদ্ধে সরকার ‘বিলম্ব’ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মুক্তি ভবনে প্রয়াত সাংবাদিক পথিক সাহার স্মরণে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পথিক সাহা। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ছিলেন।
আলোচনা সভায় জামায়াত-শিবিরকে 'সাম্প্রদায়িক শক্তির প্রধান হাতিয়ার' উল্লেখ করে সেলিম বলেন, “এদেরকে না দমালে সাম্প্রদায়িকতার বিষকে শেষ করা যাবে না। এই অপশক্তিকে আইন করে নিষিদ্ধ করতে হবে।”
সিপিবির শীর্ষ এ নেতা সরকারের প্রতি অভিযোগ করে বলেন, “কোর্টের মামলা দেখিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না। সরকার বিলম্ব করছে।”
সেলিম বলেন, “সরকারের উচিত দ্রুত নির্বাহী আদেশ দিয়ে জামায়াতকে নিষিদ্ধ করা । একই সাথে এ আইনও করতে হবে-যেন কেউ নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে না পারে।”
বিএনপিকে জামায়াত থেকে আলাদা করতে সরকারকে রাজনৈতিক কৌশল নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “জামায়াতকে বিএনপি থেকে আলাদা না করলে এই দানবটাকে শক্তিশালীভাবে আঘাত করা যাবে না।”
স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কায়সার, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স এবং বাসদ নেতা রাজেকুজ্জামান রতন।
প্রয়াত পথিক সাহা একসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
