২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্য নূরজাহান বেগমের ওপর সহিংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মহিলা পরিষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 10:53 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

গত ২২ জানুয়ারি রাতে স্থানীয় সাংসদ গোলাম রব্বানীর বাসা থেকে ফেরার সময় একদল দুর্বৃত্ত মোবারকপুর ইউনিয়নের নারী সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূরজাহান বেগমের ওপর হামলা চালায়। হামলাকারী তার হাত ও পায়ের রগ কেটে দেয়া ছাড়াও শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ আয়োজিত এই মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নূরজাহান বেগমের ওপর হামলাকারীদের দ্রুত বিচার আইনের অধীনে বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি জানান। সমাবেশ থেকে এ ধরনের ঘটনা ঠেকাতে সরকারের কাছে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন নারীনেত্রীরা।

সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখ্তার এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহেনা ইউনুস।