রংপুরে বাসের ধাক্কায় নিহত ১
রংপুরের পীরগাছা উপজেলায় বাসের ধাক্কায় এক নারী নিহত ও তার শিশু সন্তান আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় বকটি সেতুর কাছে পীরগাছা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহত বুল্লি বেগম (২৭)উপজেলার পারুল ইউনিয়নের বিরাহীম গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী।
গুরুতর আহত অনিককে (৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বলেন, বুল্লি বেগম একমাত্র ছেলে অনিককে নিয়ে অটোরিকশায় মাহিগঞ্জ বাজারে যাচ্ছিলেন।
পথে সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি বাস অটোরিকসাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই বুল্লি বেগমের মৃত্যু হয়।
