৫ খুন: বরিশালে দুই ভাইয়ের ফাঁসি
বরিশালের মেহেন্দিগঞ্জে মা ও চার সন্তানকে গলাকেটে হত্যার দায়ে দুই ভাইকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বরিশাল প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. মতিয়ার রহমান মঙ্গলবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহজাহান বৈরাগী ও শহিদুল ইসলাম সাহেদ বৈরাগী।
এদের মধ্যে শাহজাহান বৈরাগী পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি এ দুই ভাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার বাদশা খাঁ, সুলতান খাঁ ও কাইয়ুম খাঁ।
যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছেন বিচারক।
এরা হলেন- ফরহাদ হোসেন লাবু, নজরুল ইসলাম চুন্নু, আনিছ মাতুব্বর, জামাল মাতুব্বর ও করিম হাওলাদার। এদের মধ্যে করিম হাওলাদার পলাতক।
মামলার নথিতে বলা হয়, ২০০৮ সালের ৩০ জুন রাতে মেহেন্দিগঞ্জের ভাষাণচর ইউনিয়নের খলিশার উত্তরপাড় এলাকায় তানজিলা বেগম ও তার চার সন্তান আঞ্জুমান, সাথী, জান্নাত ও ফেরদৌসীকে নিজেদের বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।
পরদিন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন স্থানীয় চৌকিদার নুরুজ্জামান।
এরপর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তানজিলার দুই ভাই শাহজাহান ও শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ভাড়াটে খুনিদের সাহায্যে বোন ও তার সন্তানদের হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন শাহজাহান ও শহিদ।
মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ কাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ২০০৯ সালের ১৯ মার্চ তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বাদীপক্ষে ৫৪ জন সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এই রায় দিল।
আসামি পক্ষের আইনজীবী শামসুজ্জামান নয়ন জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
