নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ডাকাতির অভিযোগ
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের একই রাতে কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছে।
রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি বাড়িতে এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে চারটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে ‘৩ বাড়িতে’ ডাকাতি
ডাকাতির শিকাররা তিনটি বাড়িতে ডাকাতি হওয়ার দাবি করলেও আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন বলেন, “শুধু ফরিদ মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে।
“ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”
উপজেলার দাসিরদিয়া গ্রামের ফরিদ মিয়ার জানান, রোববার রাত আড়াইটার দিকে তার বাড়িতে একদল ডাকাত হানা দেয়।
ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে।
তিনি দাবি করেন, এরপর ডাকাতরা তার প্রবাসী ভাই হক মিয়া ও বাতেন মিয়ার ঘরের দরজা ভেঙে ঢুকে ৪০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
ডাকাত হানা দেয়ার বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে ৫/৬টি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।
ডাকাতদের হামলায় ৫ জন সামান্য আহত হন বলেও জানিয়েছেন ফরিদ।
মুন্সীগঞ্জে ৪ বাড়িতে ‘ডাকাতি’
সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে একই রাতে চারটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
কলাপসিবল গেটের তালা খুলে ১৫-২০ জনের মতো দল হানা দেয় বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিরাজদিখান থানার এসআই ইলিয়াস ধারণা করলেও একে ডাকাতি বলতে নারাজ।
তিনি বলেন, “ঠিক ডাকাতি নয়। চুরির মতো ঘটনা।
“এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।”
বাড়ির মালিক সৈয়দপুর গ্রামের হানিফ ব্যাপারী ছেলে দিপু ব্যাপারী (৪২)জানান, গভীর রাতে ১৫-২০ জনের একদল ডাকাত প্রতিবেশী মিনহাজ উদ্দিন ও ইসরাফিল চৌধুরীর (৩৫) বাড়িতে ডাকাতি শেষে তার বাড়িতে হানা দেয়। এরপর কহিনুর আলীর (৩৮) ঘরে ঢোকে।
চলে যাওয়ার আগে চার বাড়ির লোকজনকে মিনহাজ উদ্দিনের বিল্ডিংয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে মালামাল নিয়ে চলে যায় ডাকাতরা।
পরে চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে তালা ভেঙে তাদের উদ্ধার করে।
১৩ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধ লক্ষের বেশি টাকা, কয়েকটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে বলে দাবি করেন তিনি।
