২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন, যাকে ‘হত্যা করে ক্রসফায়ারের নাটক সাজানো হতে পারে’ বলে আগের দিনই বিএনপির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 09:13 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তালার মাগুরা খেয়াঘাট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম (২৮) তালা উপজেলা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি তালা উপজেলার কাঠি ইউনিয়নের ঘোনা গ্রামের সিরাজ উদ্দিন সর্দারের ছেলে।

তালা থানার ওসি মতিয়ার রহমান জানান, ২০০২ সালে ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রউফ হত্যা মামলার অন্যতম আসামি এই আজহার। এছাড়া নারী নির্যাতন, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আজহারের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, রোববার সকালে উপজেলার চাঁদপুর থেকে আজহারকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে রাতে যৌথ অভিযান শুরু হয়।

“আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাগুরা খেয়া ঘাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা বোমাবাজি ও গুলি শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট গোলাগুলিতে আজহার এবং এসআই শাখাওয়াতসহ দুই কনস্টেবল তাজবুর ও শাহাবুদ্দিনও আহত হন।”

তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আজহারকে মৃত ঘোষণা করেন বলে কাজী মনিরুজ্জামান জানান। আহত তিন পুলিশকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. পরিমল বিশ্বাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আজহারুলের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, পাঁচটি হাতবোমা ও দুটি কার্তুজ উদ্ধার করেছে বলে জানান তিনি।

এদিকে ‘একতরফা’ ভোটে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে দাবি করে রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি।

সাতক্ষীরার তালা উপজেলার ছাত্রদল নেতা আজহারকে শনিবার রাতে যৌথবাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় বলেও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ওই সংবাদ সম্মেলনে দাবি করেন।

তিনি বলেন, “তাকে আজও কোর্টে হাজির না করে যৌথবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি, আজ রাতে হয়তোবা আজহারকে হত্যা করে ক্রসফায়ারের নাটক সাজানো হতে পারে।”

বিচার বহির্ভূত হত্যা আশঙ্কাজনক পর্যায়ে: বিএনপি