সোনারগাঁওয়ে অপহৃত দ্বিতীয় ছাত্রও লাশ হলো
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুই স্কুলছাত্রকে অপহরণের পাঁচ দিন পর আরেকজনের জবাই করা বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টায় উপজেলার সীমান্তবর্তী রূপগঞ্জের মোঘরাকুল এলাকা থেকে উদ্ধার করা সাকিন আলম (৮) কাঁচপুর পুরাতন বাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শামসুল আলমের ছেলে।
এর আগে গত বুধবার সোনারগাঁওয়ের বেড়িবাড় এলাকায় পাওয়া গিয়েছিল অপহৃত জাহিদুল ইসলামের (১৩) লাশ।
২১ জানুয়ারি তৃতীয় শ্রেণীর ছাত্র সাকিনের সঙ্গেই অপহরণ হয়েছিল কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জাহিদুল।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সাকিনের লাশ উদ্ধারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অপহরণকারীরা সাকিনের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় তারা।
হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক রফিকুল ইসলাম ।
