স্কুলছাত্র হত্যার বিচার দাবি শিক্ষার্থীদের
কুড়িগ্রামে অপহরণকারীদের হাতে এক স্কুলছাত্র খুনের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার সকালে প্রথমে কুড়িগ্রাম কলেজ মোড়ে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার গোল চত্বরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে।
কুড়িগ্রাম থেকে অপহরণের পাঁচদিন পর বুধবার বিকালে লালমনিরহাট সদরের মোগলহাট এলাকায় ধরলা নদীর চরে বালিচাপা দেয়া রায়হানের (১৪) লাশ পাওয়া যায়। রায়হান কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
কর্মসূচিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট কলেজিয়েট স্কুলের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এবং তাদের শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে রায়হান হত্যার বিচার ও কুড়িগ্রামকে অপহরণকারী চক্রের কবল থেকে মুক্ত করাসহ চারদফা দাবি জানানো হয়।
হত্যাকাণ্ডের এক সপ্তাহ অতিবাহিত হলেও এর মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদকারীরা।
এ ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
অপহরণেল পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির মোবাইল ফোন থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা। দাবি অনুযায়ী সাড়ে চার লাখ টাকা দেয়াও হয়েছিল। তারপরও রায়হানকে খুন করে তারা।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। এর মূল হোতাকে খুঁজছে পুলিশ।
আসামিদের ধরার ব্যাপারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
