২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোট কারচুপি ঢাকতেই সংখ্যালঘুদের ওপর হামলা’

নিবার্চনের ‘ভোট কারচুপি’ থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 07:07 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন ও ঘরবাড়িতে লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শাহাদাত বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

“এরই প্রেক্ষিতে অধিকাংশ হিন্দু ভাই-বোনরা এই প্রহসনের নির্বাচনে ভোট দেয়নি। তাই তাদের ওপর হামলা নির্যাতন চালানো হয়েছে। তাদের একটাই অপরাধ তারা ভোট দিতে যায়নি”।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। সংখ্যালঘুদের ওপর কোনো হামলা নির্যাতন হয়নি।

যশোরে আওয়ামী লীগ নেতা ওয়াহাব বাহিনীর নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয় দাবি করেন শাহাদাত বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে।

“বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অবিলম্বে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

গত নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে দাবি করে শাহাদাত বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই ভোটাধিকার আদায়ে আমরা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব।”

জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অসীম বণিকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রাজীব ধর তমাল।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, এস এম সালাউদ্দিন, কামরুল ইসলাম, মনোয়ারা বেগম মণি, জেলী চৌধুরী ও কামরুন্নাহার দস্তগীর।