২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পদে ফিরলেন তৌফিক এলাহী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেলেন তৌফিক-ই-এলাহী চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:37 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

মন্ত্রীর মর্যাদায় প্রাপ্য সব সুবিধা নিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৌফিক এলাহী শেখ হাসিনার সর্বশেষ সরকারেও একই দায়িত্বে ছিলেন।  ওই দায়িত্ব পালনের সময় তার ভূমিকা নিয়ে সমালোচনা ছিল তেল-গ্যাস রক্ষা কমিটির।

শেখ হাসিনার নতুন সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নেই। প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন নসরুল হামিদ বিপু।

আওয়ামী লীগের গত সরকারেও এই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিল না। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক।

গত ১২ জানুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠনের পর চারজনকে উপদেষ্টা নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারা হলেন এইচ টি ইমাম (রাজনৈতিক), গওহর রিজভী (পররাষ্ট্র বিষয়ক), মসিউর রহমান (অর্থনৈতিক) ও তারেক আহমেদ সিদ্দিকী (নিরাপত্তা বিষয়ক)।

এই চারজনের সঙ্গে তৌফিক এলাহীও গত পাঁচ বছর উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে আরো ছিলেন সৈয়দ মোদাচ্ছের আলী (স্বাস্থ্য বিষয়ক), আলাউদ্দিন আহমেদ (শিক্ষা বিষয়ক); যারা এবার বাদ পড়েছেন।

পাঁচ উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের বিয়ানীবাজারে বাসিন্দা তৌফিক এলাহীর জন্ম ১৯৪৫ সালে। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেয়ার পর ১৯৭১ সালে তিনি তৎকালীন মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সশস্ত্র যুদ্ধে নামেন তিনি।

এর আগে সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ডিসি ও ওই অঞ্চলের বিএসএফ প্রধানকে সার্বিক পরিস্থিতি জানিয়ে চিঠি লিখেছিলেন তৌফিক এলাহী।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের কাজেও সক্রিয় ছিলেন এই প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু এরপর প্রশাসনিক দায়িত্ব না নিয়ে সরাসরি যুদ্ধ করাকে অগ্রাধিকার দেন তিনি। তিনি যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে।

স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলায় আসামি করা হয় তাকেও।

এরপর ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তৌফিক এলাহীকে।

৬৯ বছর বয়সী তৌফিক এলাহী দুই মেয়ের জনক, তার স্ত্রীর নাম আসমা চৌধুরী।

প্রতিমন্ত্রী নসরুল হামিদের দায়িত্ব বাড়ল