২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পদ্মভূষণ সম্মানে আনিসুজ্জামান

শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণের জন্য মনোনীত করেছে দেশটির সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 02:25 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শনিবার ভারত সরকারের এক তথ্যবিবরণীতে এ বছর পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, ক্রীড়া, সমাজকল্যাণ ও জনকল্যাণমূলক কাজ, বিজ্ঞান, প্রকৌশল, শিল্প-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি পদ্মপদক দিয়ে থাকেন।

২৬ জনুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদকপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করা হয়। এ বছর ‘পদ্মবিভূষণ’ পেয়েছেন দুজন,‘পদ্মভূষণ’ ২৪ জন এবং ‘পদ্মশ্রী’ পেয়েছেন ১০১ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ছাড়াও বিদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের দুজন এবার পদ্মভূষণ পদকের জন্য মনোনীত হয়েছেন।

আগামী মার্চ অথবা এপ্রিলে নির্বাচিতদের হাতে পদক তুলে দেয়া হবে বলেও তথ্যবিবরণীতে বলা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান এর আগেও দেশে-বিদেশে বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আনন্দ পুরস্কার রয়েছে।

গবেষণা, প্রবন্ধ,স্মৃতিকথা ও সম্পাদিত অনেক গ্রন্থ রয়েছে তার।