২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নারীর রগ কাটার ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী ইউপি সদস্যের হাত-পায়ের রগ কাটার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 04:01 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শিবগঞ্জ থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, শুক্রবার রাতেই মামলাটি করেন আহতের মা মারজিনা বেগম। এতে ২৩ জনের নাম উল্লেখসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিবগঞ্জের ধুপপুকুর এলাকায় হামলা শিকার হন মোবারকপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগকর্মী নূরজাহান বেগম (৪৫)।

দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত ও বাম পায়ের রগ কেটে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম করে। ওই রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ওসি এস এম মিজানুর রহমান বলেন, হামলায় জড়িত অভিযোগে ঘটনার রাতে গ্রেপ্তার পাঁচজনকেও আসামি করা হয়েছে এ মামলায়।

গ্রেপ্তার সবাই বিএনপিকর্মী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।