২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় বিদেশি মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইয়েমেনের এক নাগরিক অসুস্থ হয়ে মারা গেছেন। এ নিয়ে এই বছর তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলনে পাঁচ জনের মৃত্যু হল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 01:59 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

গাজীপুরের সিভিল সার্জন মো. শাহ আলম শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোরে বুকে ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় আহমেদ আবু আবদুহ জরুনের (৭০)।

“সকাল ১০টার দিকে আমরা তার মৃত্যুর খবর পাই,” বলেন তিনি।

এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে মারা যান দেশের বিভিন্ন স্থান থেকে আসা চারজন মুসল্লি।

তারা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার মহেশকুন্দি পাকুড়িয়া এলাকার জিহাদ আলী (৫৩), ময়মনসিংহের গফরগাঁও থানার পাগলা এলাকার শামসুদ্দিন (৬০), সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য সেতুয়ালী এলাকার আব্দুল মজিদ (৬৫) ও ঢাকার কেরানীগঞ্জের ওমর আলী (৪৮)।

এজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আজম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে ৩৪ নম্বর খিত্তায় থাকা জিহাদ আলীর মৃত্যু হয় হৃদরোগে। এর আগে রাত ১০টার দিকে অজু করতে গিয়ে পড়ে গিয়ে মারা যান শামসুদ্দিন।

আর ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরুর আগে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় মজিদ ও ওমরের।

শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।

চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি থেকে আবার শুরু হবে তিন দিনের দ্বিতীয় পর্ব।

ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু

ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির সমাবেশ