রাজধানীতে ৯ হিযবুতকর্মী আটক
রাজধানীর খিলক্ষেত ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির নয় কর্মীকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই এবং সরকারবিরোধী প্রচারপত্রসহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
খিলক্ষেত থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে খিলক্ষেতের বিভিন্ন মেসে অভিযান চালিয়ে বিপুল সংখ্যায় উস্কানিমূলক বই, রাষ্ট্রবিরোধী ব্যানার, পোস্টার ও পত্রিকাসহ হিযবুত তাহরির আট জনকে আটক করা হয়।
এরা হলেন-আলামিন (২০), মো. সাইফুল্লাহ (২৪), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ইব্রাহিম শেখ (২০), মো. আতাউর রহমান (২০), মো. মাহবুবুর রহমান (২০), মো. জিহাদ ইসলাম (২১) ও মো. আব্দুল কাইয়ুম (২১)।
আটকরা আলিয়া মাদ্রাসা, সরকারি তিতুমীর কলেজ ও খিলক্ষেত মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
“বর্তমান সরকারকে উৎখাত করে এদেশে ‘তাদের মতাদর্শের ইসলাম’ প্রতিষ্ঠায় তারা কাজ করছে বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে,” বলেন ওসি নজরুল।
কলাবাগান থানার ওসি মো. ইকবাল জানান, বশিরউদ্দিন রোডে জুমার নামাজ শেষে উস্কানিমূলক প্রচারপত্র বিলি করার সময় সোহাগ হাফিজ (৩২) নামে হিযবুত তাহরির এক সদস্যকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলে দুই থানার ওসি জানিয়েছেন।
