২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে আইনজীবী হাজতে

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর একটি মামলায় জামায়াতে ইসলামী সমর্থক এক আইনজীবীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 08:19 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

অ্যাডভোকেট রুহুল আমীন মধুকে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার পুলিশ আদালতে হাজির করে।

এ সময় ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীদুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন ।

ঝালকাঠী সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ ডিসেম্বর রাতে হরতাল-অবরোধকারীরা ঝালকাঠীর মহাসড়কে একটি বিআরটিসি বাস জ্বালিয়ে দেয় ।

এ ঘটনায় গাড়ি চালক থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বুধবার রাতে অ্যাডভোকেট রুহুল আমীন মধুকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী রুহুল আমীন জামায়াতের কর্মী বলে ওসি শীলমনি চাকমা জানিয়েছেন।  তবে তিনি কোন পদে আছেন তা জানা যায়নি।

এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩০ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ওই নির্বাচনে জাতীয়তাবাদীদের ভোট কমানোর জন্যই এই আইনজীবীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে ।