ডাকাতদের পিটুনিতে গৃহকর্তার মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাড়িতে হামলা চালিয়ে এক গৃহকর্তাকে পিটিয়ে মেরেছে একদল ডাকাত।
বুধবার গভীর রাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাতি উত্তরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ডাকাতদের পিটুনিতে গুরুতর আহত অজিত চক্রবর্তী (৪৫) হাসপাতালে নেয়ার পথেই মারা যান।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ২টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র ব্যক্তি ট্রাকে করে এসে অজিতের বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে অজিতসহ চার জনকে হাত-পা বেঁধে পিটিয়ে পাশের ক্ষেতে ফেলে রাখে।
“এরপর ডাকাতরা তাদের বাড়ির গরুগুলো ট্রাকে তুলে নেয়ার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে অজিতদের চিৎকার-চেচামেচিতে প্রতিবেশীরা আওয়াজ দিলে তারা ট্রাক ও গরু রেখেই পালিয়ে যায়।”
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই অজিতের মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি জানান, সকালে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের পাশে হওয়ায় ওই এলাকার কর্তব্যরত হাইওয়ে পুলিশের এসআই আবু রায়হানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে, বলেন ওসি রাশেদুল।
