ঘুষের মামলায় দণ্ডিত এসপির জামিন
এস এ পরিবহনের মালিকের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবির মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জংশনের (জিআরপি) পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাই কোর্ট বেঞ্চ বুধবার আসামির আবেদনে জামিনের এই আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলীরুজ্জামান।
রেল পুলিশের এই কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা জরিমানা করে গত বছরের ১২ ডিসেম্বর রায় দিয়েছিলেন ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন ।
জরিমানার ৩০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা মামলার বাদি এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদকে এবং বাকি ৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয় রায়ে।
ওই দিন রায় ঘোষণার পরপরই মোস্তাফা কামালকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছিল। মামলার অন্য আসামি মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওহেদ মিয়াকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছেন এসপি কামাল। সেইসঙ্গে জামিনের আবেদনও করেন তিনি।
মামলার নথি থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০০২ সালে এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন ২০ লাখ টাকাসহ সিলেট যাওয়ার পথে মাধপপুর থানার ওসি আতাউর রহমান ও উপ-পরিদর্শক ওহেদ মিয়া তাকে আটক করে।
পরে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল আরো ৩০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা সালাউদ্দিনের কাছে দাবি করেন বলে মামলায় বলা হয়।
টাকা দিতে অস্বীকার করায় মোস্তফা কামাল এসএ পরিবহনের মালিকের বিরুদ্ধে মাদক ও নারী পাচার আইনে মামলা দায়ের করেন।
এরপর সালাউদ্দিন ঢাকায় ফিরে তার বিরুদ্ধে করা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত ওই মামলা খারিজ করে দেয়।
এরপর ঘুষ দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মোস্তফা কামাল ও ওহেদ মিয়ার বিরুদ্ধে মামলা করেন এস এ পরিবহনের মালিক।
