ইজতেমার জন্য প্রস্তুত তুরাগ তীর
টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বয়ান শুরু হবে। এরইমধ্যে দেশ-বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) শুরু হয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। চারদিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় দফার ইজতেমা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ।
প্রতিবছরের মতো এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, কলকারখানার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ইজতেমা মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন।
কেউ প্যান্ডেলের চট টানাচ্ছেন, কেউ চট সেলাই করছেন, খুঁটিতে নম্বর লাগাচ্ছেন, কেউ মাঠ পরিষ্কার করছেন। সবাই শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুসল্লিদের কাতারবদ্ধ হয়ে নামাজ আদায়ের সুবিধার্থে ইতোমধ্যে মাঠে দাগ কাটা সম্পন্ন হয়েছে।
প্রথম পর্বের জন্য পুরো মাঠকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। এছাড়া মাঠের উত্তর-পশ্চিম পাশে নির্মিত বিদেশি নিবাসে বিদেশি মুসল্লিরা থাকবেন। ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদীর উপর আটটি স্থানে আটটি ভাসমান সেতু স্থাপন করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।
পাঁচস্তরের নিরাপত্তা
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন জানান, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তার জন্য র্যাব পুলিশসহ ১০ হাজারের মতো নিরাপত্তাকর্মী কাজ করবেন।
টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর চৌরাস্তা, মন্নুগেট থেকে কামারপাড়া পর্যন্ত এবং তুরাগ নদীসহ পুরো এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে একজন করে অতিরিক্ত পুলিশ সুপারের পদমর্যাদার অফিসারের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।
এছাড়া বিভিন্ন স্থানে থাকবে চেকপোস্ট, ওয়াচ টাওয়ার। ইজতেমার প্রতিটি প্রবেশ পথে সিসি ক্যামেরা মাধ্যমে সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হবে। এছাড়া বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, কন্ট্রোল রুমও স্থাপন করা হচ্ছে।
এসপি আরো জানান, খিত্তা থেকে শুরু করে বিভিন্ন স্থানে পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা নিয়োজিত থাকবেন। ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা ময়দান এলাকায় এসব আইনশৃঙাখলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
ইজতেমা মাঠের মুরব্বি মো. নূর জানান, তাবলীগ জামাতের উদ্যোগে প্রতিবছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। মাঠের সব কাজ করা হচ্ছে পরামর্শের মাধ্যমে। এখানে বিদ্যুৎ, পানি, প্যান্ডেল তৈরি, গ্যাস সরবরাহ প্রতিটি কাজই আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে সম্পন্ন করা হয়।
বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলীগ জামাতের অনুসারী মুসলমানরা অংশ নেন। তারা এখানে তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতী কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।
বয়ান ও মোনাজাত মঞ্চ এবারও ময়দানের পশ্চিম পাশে বিদেশি নিবাসের পাশে স্থাপন করা হয়েছে। ইজতেমা উপলক্ষে ৩০০টি বিআরটিসি বাস ছাড়াও থাকবে বিশেষ ট্রেন সার্ভিস।
এসপি আরো জানান, র্যাব-পুলিশের কন্ট্রোল রুম ছাড়াও মন্নুনগর এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
আধুনিক সুবিধায় বিদেশী নিবাস
আয়োজক কমিটির মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, ইজতেমা ময়দানের উত্তর-পশিম পাশে টিনের চাল ও বেড়ায় নির্মাণ করা হয়েছে বিদেশি মুসল্লিদের আধুনিক নিবাস। সেখানে গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ ছাড়াও রয়েছে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা। এখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকা ছাড়াও ফ্রি-মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। এর পূর্বপাশেই থাকছে বয়ান মঞ্চ।
বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত মুরুব্বি বয়ান করবেন। মূল বয়ান উর্দুতে হলেও তা পরবর্তিতে বিভিন্ন ভাষায় তরজমা করা হবে। এবারে বাইরের ১৩০টি দেশ থেকে প্রায় ৩০হাজার বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
বিদেশি নিবাসে মুসল্লিদের জন্য চাহিদা অনুয়ায়ী রান্না করা খাবারেরও ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।
চিকিৎসকদের ছুটি বাতিল
মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে এবারো সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগ নেয়া হয়েছে। মন্নুনগরসহ ইজতেমা ময়দানের আশপাশ এলাকায় প্রায় অর্ধশত ফ্রি-মেডিকেল ক্যাম্প থাকবে।
গাজীপুরের সিভিল সার্জন মো. শাহ আলম শরীফ জানান, বুধবার (২২ জানুয়ারি) থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জেলার কর্মরত স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এজন্য ঢাকা বিভাগের ১৭টি জেলা থেকে শতাধিক চিকিৎসক আনা হয়েছে। তারা ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক তিন পালায় ইজতেমা স্থলে দায়িত্ব পালন করবেন।
টঙ্গী হাসপাতালে মেডিসিন, সার্জারি, চক্ষু, ট্রমা, বার্ন ইউনিট, কার্ডিওলজি, অ্যাজমাসহ ৮টি ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ইজতেমার মুসুল্লীদের চিকিৎসা সেবা দেবেন। এ হাসপাতালে ৫০টি বেডও বাড়ানো হয়েছে।
এছাড়া গাজীপুর সিভিল সার্জনের পক্ষ থেকে মন্নুনগর, বাটা গেইট ও এটলাস হোন্ডা গেইট এলাকায় তিনটি তাঁবুতে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।
সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ
ডেসকো’র প্রধান প্রকৌশলী নূর মহম্মদ জানান, ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিড থেকে ১১ কেভির ৫টি ফিডারের মাধ্যমে ইজতেমা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়া ৪টি স্ট্যান্ডবাই জেনারেটর এবং ৫টি ট্রলি-মাউন্টেড ট্রান্সফরমারও রাখা হবে। ইজতেমা এলাকায় ৫টি অস্থায়ী বিদ্যুৎ ক্যাম্প নির্মাণ করা হয়েছে। ৮টি পয়েন্টে প্রয়োজনীয় টুলসসহ লাইন ক্রু দল নিয়োজিত থাকবে। এতে অন্তত ২০০ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
প্রতিদিন তিন কোটি লিটার বিশুদ্ধ পানি
টঙ্গী শহর পানি সরবরাহ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ১১টি উৎপাদন নলকূপের মাধ্যমে প্রতিদিন তিন কোটি লিটারেরও বেশি বিশুদ্ধ পানি সরবরাহের পদক্ষেপ নেয়া হয়েছে।
এছাড়া ওজু-গোসলের হাউজ ও টয়লেটসহ প্রয়োজনীয় স্থানে পানি সরবরাহ করা হবে। এবার নতুন তিনটিসহ ৫টি বহুতল পাকা দালানে প্রায় চার হাজারের মতো টয়লেট ইউনিট রয়েছে। এদের মধ্যে নষ্ট ও ক্ষতিগ্রস্ত অজু, গোসলখানা এবং টয়লেট ইতোমধ্যে সংস্কার করা হয়েছে।
