২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘনকুয়াশায় দুর্ঘটনা, নিহত ১, আহত ২০

ঘনকুয়াশার করণে সিরাজগঞ্জের দুই এলাকায় মহাসড়কে বেশ কয়েকটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক ট্রাক চালক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 11:41 AM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, বুধবার সকাল সোয়া ৭টার দিকে মূলিবাড়িতে নিহত হন জাহাঙ্গীর আলম (২২)। তার বাড়ি যশোরের বেনাপোলে।

আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে ঘনকুয়াশার কারণে চালকরা সামনে কিছু দেখতে না পেয়ে প্রথমে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ই একটি প্রাইভেটকার ও দুটি বাস পিছন থেকে এসে ট্রাক দুইটিকে ধাক্কা দেয়। এতে সেখানে রাস্তার পাশেই থামিয়ে রাখা আরেকটি ট্রাকেও ধাক্কা লাগে। ছয়টি পরিবহনই ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় গুরুতর আহত ট্রাক চালক জাহাঙ্গীরের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।

আহত অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহের অলিপ ও বগুড়ার জাকির হোসেনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে সকাল ৮টার দিকে মান্নাননগরে নাটোর-বনপাড়া মহাসড়কে একইভাবে পরপর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় পাঁচটি ট্রাক।

এতে আহত ১০ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর, যাদের নাটোরের বনপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।