শ্রমিকদের সঙ্গে একবেলা খেতে চান শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে তাদের সঙ্গে একবেলা দুপুরের খাবার খেতে চান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার সচিবালয়ের বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ এমপ্লয়েজ ফেডারেশন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন।
নতুন সরকারে অংশ নেয়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য চুন্নু বলেন, “শ্রমিকদের সঙ্গে হৃদ্যতা বাড়ালে তাদের সাথে কাজ করা আরো সহজ হবে।
“শ্রমিকদের সঙ্গে বসে ওদের খাবার খেতে চাই, সকালের নাস্তা বা দুপুরে শ্রমিকরা যা খায়, এতে হৃদ্যতা বাড়বে এবং কাজ করা আরো সহজ হবে।”
দায়িত্ব পালনকালে মালিক সংগঠনের কাছে সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমার কোননো ব্যবসা নাই, আইন ব্যবসা ছিল, তা এখন করা আর সম্ভব নয়, আপনাদের মেধা ও শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করবেন, যাতে সরকারের নীতি বাস্তবায়ন করতে পারি।
“মন্ত্রী হিসেবে আপনাদের সার্ভিস দেয়ার জন্য আমি রেডি, রাত্রি বা সকাল নেই, যখনি বলবেন তখনই সেবার জন্য থাকব।”
গত রোববার শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয় উঠে এসেছে জানিয়ে চুন্নু বলেন, “বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানানো শ্রমিক বা শ্রমিক নেতাদের ছাঁটাই করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।”
এ বিষয়গুলো দেখার জন্য মালিকপক্ষকে আহবান জানিয়ে তিনি বলেন, “সংশোধিত শ্রম আইন বাস্তবায়নে বিধি প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত হয়েছে, প্রয়োজনে আপনাদের সঙ্গে বসে তা চূড়ান্ত করা হবে।”
সভায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
