পূর্বাচলে ঠাঁই হচ্ছে ৬২ হাজার পরিবারের
বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ৬২ হাজার পরিবারের বসবাসের উপযোগী করে ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শনকালে এ তথ্য জানিয়ে তিনি বলেন, “পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দাদের কাউকে অভিবাসিত হতে হবে না।”
তিনি জানান, এ এলাকার স্থায়ী বাসিন্দাদের মধ্যে ইতোমধ্যে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এরপরও যদি কোনো লোক ভূমিহীন হয়ে পড়ে ‘সুউচ্চ আবাসিক ভবন’ নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হবে।
মন্ত্রী বলেন, প্রকল্প এলাকায় ৬২ হাজার পরিবারের বসবাস উপযোগী কয়েকটি সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করা হবে। রাজউক এসব ভবন নির্মাণ করবে।
“ছয় হাজার ১৫০ একর এলাকার পূর্বাচলকে পরিকল্পিত আধুনিক ঢাকা শহরে রূপ দেয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পের সার্বিক কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে।”
