ভারতে গরু আনতে গিয়ে রাখাল নিখোঁজ
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছে এক রাখাল।
সোমবার রাতে বেনাপোল পৌরসভার নামাজগ্রাম মাঠপাড়ার আবুল হোসেনের ছেলে আব্দুস সেলিম(২৫) ভারতে গরু আনতে যায় বলে তার স্বজনরা জানিয়েছেন।
সেলিমের মা হাজেরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে তার ছেলে কয়েকজন গরু ব্যবসায়ীর সাথে পুটখালী সীমান্ত পথে গরু আনতে ভারতে যান।
মঙ্গলবার সবাই বাড়ি ফেরে তবে ফেরেনি সেলিম। তাই দুপুরে পুটখালী গ্রামের গরুর মহাজন রশিদের বাড়িতে গিয়ে জানতে পারেন ছেলেকে বিএসএফ ধরে নিয়ে ক্যাম্পে রেখেছে বলে জানান তিনি।
“রশিদ আমার ছেলের ব্যবহৃত বাইসাইকেল ও জামাকাপড় ফেরত দিয়েছে” বলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় খুলনা ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’-র ব্যটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন রাখালকে বিএসএফ ধরে নিয়ে গেছে এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি।
“বিএসএফ সদস্যরা এ ব্যাপারে আমাদের কিছু জানাননি।
“অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
