২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক লাঞ্ছিত

পাবনা জেলা স্কুলের জরুরি ভিত্তিতে ঠিকাদারী কাজের প্রত্যয়নপত্র না দেয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার দুপুরে মেসার্স রুদ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন তাকে লাঞ্ছিত করে বলে পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান অভিযোগ করেন।

এ স্কুলের দুটি ভবন দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহারের জন্যে বরাদ্দ দিলে দেয়া হয়। ভবন দুটিতে সংস্কারের জন্য পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৪ লক্ষ ২১ হাজার টাকা বরাদ্দ দিয়ে ঠিকাদার নিয়োগ করে।

প্রধান শিক্ষক লুৎফর বলেন, “জরুরি সংস্কারের বিষয়টি আমার জানা নাই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরও অফিসিয়ালি আমাকে কত টাকার কি ধরনের কাজ কিছুই জানায়নি।

“এমন কী বাস্তবেও তেমন চোখে পরার মতো কোন কাজ করে নাই আমার স্কুলে।

“এ অবস্থায় আমার কাছে ৪ লক্ষাধিক টাকার কাজের প্রত্যয়নপত্র চায়।

“বিষয়টি না জেনে প্রত্যয়নপ্রত্র না দেওয়ায় একদল অপরিচিত যুবক আমার সাথে দূর্ব্যবহার করে।”

তাৎক্ষনিক ভাবে ঘটনাটি পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানালে সহকারী প্রকৌশলী জাহিদুল করিম ও উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম স্কুলে এসে শিক্ষকদের সাথে বৈঠক করেন।

পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান শিক্ষকের সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের ভুল বুঝাবুঝি হয়েছে।”

তবে কেন কত টাকার কি ধরনের কাজ করা হয়েছে তা প্রধান শিক্ষককে না জানানোর কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নাই।

তিনি বলেন, “জরুরি কাজ এভাবেই হয়।”

অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল আলম স্বপন জানান, অস্থায়ী সেনা ক্যাম্পের জন্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জরুরি ভিত্তিতে জেলা স্কুলের দুটি ভবন সংস্কার করিয়ে নেয়।

“এখন স্কুল কর্তৃপক্ষ বিল নিয়ে আমাদের সাথে ঝামেলা করছে।”

তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা জানেন না বলে জানান তিনি।