আত্মসমর্পণ করলে জামিন পাবেন তারেক: মন্ত্রী
বিচারিক আদালতে খালাস পাওয়া মামলায় তারেক রহমান আত্মসমর্পণ করলে আদলত থেকে তিনি জামিন পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, “আইন অনুযায়ী তারেক রহমান যে মামলায় খালাস পেয়েছেন সেই মামলায় আত্মসমর্পণ করলে বেইল পাবেন। তারেক রহমান হাই কোর্টের আদেশ মানবেন কি মানবেন না সেটা তার ব্যাপার।”
অর্থ পাচারের অভিযোগে দুদকের একটি মামলায় ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর খালেদা জিয়ার বড় ছেলে তারেককে বেকসুর খালাস দেন।
এরপর দুর্নীতি দমন কমিশন গত ৫ ডিসেম্বর আপিল করলে হাই কোর্ট তা গ্রহণ করে তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
এ মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। গত পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।
তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ সরকার নেবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফিরে না আসেন তবেই ফিরিয়ে আনার প্রশ্ন।
যে বিচারক তারেক রহমানকে খালাস দিয়েছেন, দুদক তার সম্পদের তথ্য অনুসন্ধান করে দেখছে বলে গণমাধ্যমে আসা একটি প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তার জানা নেই।
ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন ছিল বলেই যুক্তরাজ্য মনে করে। গিবসন সে কাথাই বলে গেছেন।
“যুক্তরাজ্য বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছেন।”
আইনমন্ত্রী জানান, প্রধান দুই দলের মধ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন গিবসন। তিনি বলেছেন, গণতন্ত্র বিকশিত হওয়া এবং এই ধারা অব্যাহত রাখতে সংলাপের কোনো বিকল্প নেই।
মন্ত্রী জানান, তিনি হাই কমিশনারকে বলেছেন যে, ‘রাস্তায় ঝগড়া করলে’ কোনো সিদ্ধান্ত আসবে না। সন্ত্রাসী দলের সঙ্গ ছাড়তে হবে। আওয়ামী লীগও সংলাপ চায়।
আপিল চলবে, তারেককে আত্মসমর্পণের আদেশ
