২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমারখালীতে দুর্বৃত্তের হামলায় একজন নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 03:14 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

রেবাবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইনাল হক (৪৫) গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।

পুলিশ বলছে, চর দখল নিয়ে পুরনো বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

কুমারখালী থানার এসআই মোকাব্বের জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা আইনালের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ছেলে রফিক থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বলেন, “গত বছর চর চাপড়া গ্রামে চর দখলকে কেন্দ্র করে স্থানীয় আকবর আলী মেম্বার ও নেহের আলী-বদি হোসেন সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়।

“ওই ঘটনার পর থেকে দুই পক্ষই গ্রামে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। পুরনো ওই বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহত আইনাল ‘নেহের-বদি গ্রুপের’ সমর্থক বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।