সাংসদ শওকত মোমেন আর নেই
টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জেলার সখীপুর থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল পৌনে ৬টার দিকে সাংসদ শওকত নিজের বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এই সদস্যের বয়স হয়েছিল ৬৩ বছর। দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানও শোক জানিয়েছেন।
দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শওকত মোমেনের জানাজা হয়। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদও অংশ নেন।
জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
১৯৮৬ সালে প্রথমবার ভোটে জিতে সংসদে যাওয়ার পর ১৯৯৯ সালের উপ-নির্বাচনে এবং ২০০৮ সালে নবম সংসদেও তিনি সাংসদ নির্বাচিত হন।
নবম সংসদে তিনি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন।
১৯৫১ সালের ২৯ জুন সখীপুরে জন্ম নেয়া শওকত মোমেন শাহজাহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন কৃষি অর্থনীতি বিষয়ে। শিক্ষকতায় পেশাজীবন শুরু হলেও পরে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন।
শওকত মোমেন সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
