নারায়ণগঞ্জ-চাঁদপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জ এবং চাঁদপুরে হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে ও খড়ের গাদায় শনিবার রাতে আগুন দিয়েছে দুর্রৃত্তরা।
চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তিতে ধনঞ্জয় মজুমদারের (৪৫)একটি বসতঘর দুর্বৃত্তদের আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে ওই ঘরে কোনো বাসিন্দা না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোয়াজ্জেম হোসেন ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের মজুমদার বাড়ির ঘরটি শনিবার গভীর রাতে আগুনে পুড়ে যায়।
শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক জানান, মজুমদার বাড়ির যেই ঘরটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে সেই ঘরে কেউ থাকে না।
তবে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ধনঞ্জয় অনেকদিন ধরে এলাকার বাইরে নারায়নগঞ্জে পরিবার নিয়ে বসবাস করছেন।
আগুনের খবর পেয়ে ধনঞ্জয়ের স্ত্রী শিউলি মজুমদার বাড়িতে যান। এ ঘটনা কারা ঘটিয়েছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
তিনি বলেন, “আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। তাছাড়া আমরা বাড়িতে থাকিও না। মাঝে মধ্যে বাড়িতে এলে এই ঘরে উঠি।”
বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলার একটি হিন্দু পরিবারের বাড়ির পাশের দুটি খড়ের গাদায় আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, “থানা আওয়ামী লীগের নেতা রবীন্দ্র দের খড়ের গাদায় আগুন দেখে এলাকার লোকজন তা নিভিয়ে ফেলে।”
রবীন্দ্র দে জানান, মাস ছয়েক আগে রাতের আঁধারে এলাকার কিছু সন্ত্রাসী তারসহ তিনজন হিন্দুর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল।
সেই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন রবীন্দ্র।
