শ্রমিকদের ‘বন্ধু’ হতে চান প্রতিমন্ত্রী চুন্নু
তৈরি পোশাক শ্রমিকদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হয়ে কাজ করতে চান বলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন।
রোববার সচিবালয়ে গার্মেন্ট শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য চুন্নু একথা বলেন।
তিনি বলেন, “এটি নতুন সেক্টর। তবে আমার আন্তরিকতা আছে। আমার মধ্যে দেশপ্রেমও প্রবল। শ্রমিক নেতাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চাই।”
পোশাক কারখানা সংশ্লিষ্ট কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথা জানিয়ে চুন্নু বলেন, “এজন্য ন্যায় ও সমতার ভিত্তিতে আমার চিন্তা কাজে লাগাতে পারব। বঞ্চিত-নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করার সুযোগ পেয়েছি।
“লোভ-লালসা ত্যাগ করে কাজ করলে কোনো সমস্যা হবে না। আমার নিজের কোনো বাড়ি নেই। স্ত্রী অতিরিক্ত সচিব- তার বাড়িতেই আমি থাকি। চাহিদা খুব বেশি নেই। তাই মনে হয় লোভ-লালসায় পড়ব না।”
কোনো সমস্যা দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে সরাসরি শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে জানান নতুন শ্রম প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “শ্রমিকদের কাছে যাব। তাদের ঘনিষ্ঠ বন্ধু হব। তাদের সঙ্গে মিশে যাব। তাদের সমস্যা সমাধানে মাঠে যাব।”
প্রতিমন্ত্রী হয়েও সরকারি বাড়ি নেবেন না জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, “আমি যে বাড়িতে থাকি তার দরজা সব সময়ের জন্য শ্রমিক নেতা ও শ্রমিকদের জন্য খোলা। মন্ত্রণালয়ের দরজাও খোলা রাখব যেন সবাই আমার সঙ্গে দেখা করতে পারেন।”
মতবিনিময় সভায় শ্রমিক নেতারাও প্রতিমন্ত্রীকে সব ধরনের সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
শ্রমসচিব মিকাইল শিপার ছাড়াও শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তর ও পরিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
