২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিবিরকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিবিরকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 02:10 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার সকালে উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাশটি পাওয়া যায়।

নিহত মোশারফ হোসেন (২২) শহীদপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের বাসিন্দা মাহমুদুল হকের ছেলে।

মোশারফ সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি বলে স্থানীয়রা জানান।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে মহাসড়কের টেরিয়াইল এলাকার রাস্তার পাশে মোশারফের গুলিবিদ্ধ লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তার ভগ্নিপতি মফিজুর রহমান লাশ সনাক্ত করেন।

নিহতের স্বজনরা বলছেন, শনিবার বিকালে মোশারফ মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় সাধারণ পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, “মোশারফ শিবিরের কর্মী বলে শুনেছি। তবে সীতাকুণ্ড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।”

মিরসরাই জোরাগঞ্জ থানার দায়িত্বে থাকা এএসপি সালাউদ্দিন শিকদারও ওই নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান।