নগরকান্দায় ডোবা থেকে লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের শোলপুর গ্রামে একটি ডোবা থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগরকান্দা থানার এসআই আবুল কালাম আজাদ।
নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর জানিয়ে আজাদ বলেন, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ওই গ্রামের আব্দুর রব মাতুব্বরের বাড়ির পাশের ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মুখে কাঁচা-পাকা দাঁড়ি ও শুধু জামা পরিহিত ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বলেন তিনি।
“এলাকার কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের কোনো সময় লাশটি ডোবায় ফেলা হয়।”
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই আজাদ।
