ধলেশ্বরীতে ডাকাতি, যাত্রী নিখোঁজ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ডাকাতি হয়েছে। ঘটনার পর থেকে ৪ যাত্রী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে মুন্সীগঞ্জের মালপারার সুমন চন্দ্র দাসের এবং লঞ্চকর্মী মোবারক হোসেনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, “সুমন চন্দ্র দাস নিখোঁজ এটা শুনেছি। বাকিদের কথা বলতে পারছি না। ঘটনাটি ঘটেছে নারায়নগঞ্জের সীমানায়। তাই আইনগত ব্যবস্থা নিবে তারা।”
প্রত্যক্ষদর্শী রিদওয়ান জানান, ডাকাতরা লঞ্চে ওঠার পরই যাত্রীদের মারধর শুরু করে। এ সময় তারা তাপস দাস নামে এক ব্যক্তিকে কুপিয়েছে তারা। তার কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেন ডাকাতরা। এ সময় ভয় পেয়ে বেশ কয়েকজন নদীতে ঝপ দেয়।
“এদের মধ্যে ৪ জন নিখোঁজ রয়েছে বলে শুনেছি। তাপস নারায়ণগঞ্জের একটি ডায়িং কোম্পানিতে কাজ করেন।”
সুমনের পরিবারের সদস্যরা জানান, মধ্য রাত পর্যন্ত তারা নদীতে ট্রলার ও কোস্টগার্ডের সহায়তায় খোজাঁখুজি করেছেন। এখনও কোন সন্ধান মেলেনি।
সুমন মালপাড়ার মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
