নিজেদের মারামারির পর মোটর সাইকেলে আগুন দিল ছাত্রলীগ
চট্টগ্রাম সার্কিট হাউসে দুই পক্ষের সংঘর্ষের পর দুটি মোটর সাইকেলে আগুন দিয়েছে ছাত্রলীগকর্মীরা।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকের এই সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী আহত হয় বলেও পুলিশ জানিয়েছে।
সার্কিট হাউসে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের বৈঠকের পরপরই এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগর ছাত্রলীগের ‘পদবঞ্চিতদের’ সঙ্গে অন্য পক্ষের হাতাহাতির পর তারা দুটি মোটর সাইকেলে আগুন দেয়।
এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে আহত ছাত্রলীগকর্মীর নাম জানাতে পারেননি ওসি সেলিম।
এর আগে সন্ধ্যায় দুই মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সার্কিট হাউসে বিক্ষোভ করে ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়ারা।
