তরীকতের আরেকটি আসন
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জেতায় সংসদে দুটি আসন হতে যাচ্ছে আওয়ামী লীগের জোট শরিক তরীকত ফেডারেশনের।
গত ৫ জানুয়ারি এই আসনের ২১ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পুনঃভোট শেষে দেখা যায়, তরীকতের এম এ আউয়াল নৌকা প্রতীকে ৪৯ হাজার ৬৫৬ ভোট পেয়েছেন।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম ২১ হাজার ৮৫৯ ভোট পেয়েছেন।জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুর রহমান পেয়েছেন ২ হাজার ২৮৬ ভোট।
রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেসরকারি এই ফলাফল ঘোষণা করা হয়।
এই আসনের ১ লাখ ৮৫ হাজার ৬৫২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৭৪ হাজার ৯১৪টি। ভোটের হার ৪০ দশমিক ৩৫ শতাংশ।
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী দশম সংসদে চট্টগ্রামের একটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
