২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা আহত ৩ পুলিশকে অনুদান প্রদান

রাজশাহীতে সহিংসতায় আহত তিন পুলিশ সদস্যকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 08:36 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরের পুলিশ কমিশনার মাহাবুব রহমান এ অনুদানের অর্থ প্রদান করেন বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া।

এসআই জাহাঙ্গীর আলম, পিএসআই মোকবুল হোসেন ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলাম কর্মরত অবস্থায় বিএনপি-জামায়াতের সহিংসতায় আহত হন।

এ সময় মহানগর পুলিশ কমিশনার মাহবুব বলেন, “অঙ্কের দিক দিয়ে এটি হয়তো সামান্য টাকা। কিন্তু আমরা যে আমাদের পুলিশ সদস্যদের পাশে আছি- সেটিই বড় বিষয়।”

গত ১ এপ্রিল নগরীর শালবাগানে মিছিল বের করে এসআই জাহাঙ্গীর আলমের উপর হামলা চালানো হয়। এ সময় ইট ও হেলমেট দিয়ে তারা মাথা থেতলে দেয় শিবির কর্মীরা।

এর আগের দিন রানীবাজার এলাকায় শিবিরের মিছিল থেকে ছোড়া বোমায় দুই হাতের কবজি উড়ে যায় পিএসআই মোকবুল হোসেনের।

আর গত ২০ ফেব্রুয়ারি ফায়ার সার্ভিস মোড়ে হরতালের মধ্যে দায়িত্ব পালন কালে বিএনপির কর্মীদের তাড়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে পা ভেঙে যায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের।

পুলিশ কমিশনার মাহাবুবের কাছ থেকে ইন্সপেক্টর নজরুল, জাহাঙ্গীর ও মোকবুলের বাবা অবসরপ্রাপ্ত হাবিলদার আনসার আলী  অনুদানের অর্থ গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুর রহমান, মিজন উদ্দিন, বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া, রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম প্রমুখ।

পুলিশের সদর দপ্তর থেকে এই অনুদানের অর্থ পাঠানো হয়েছে বলে জানান ওসি।