ভগ্নিপতি সাংসদের সংবর্ধনা, তাই স্কুল বন্ধ ঘোষণা
ভগ্নিপতি সাংসদ সোহরাব উদ্দিনের সংবর্ধনা সভার জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন পাকুন্দিয়া উপজেলার নারান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্কুলে ঐচ্ছিক ছুটি ঘোষণার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মহা-পরিচালকের লিখিত বা মৌখিক অনুমোদন দরকার।
জেলা শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, “এভাবে ছুটি ঘোষণা করা সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
সাংসদ সোহরাব এ স্কুলের প্রধান শিক্ষক উম্মে সালমা বদরুন্নেছার ভগ্নিপতি।
বৃহস্পতিবার পাকুন্দিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -২, পাকুন্দিয়া-কটিয়াদী, আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ সোহরাব উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা জানান, সাংসদের সংবর্ধনা সভায় যোগদানের জন্য তিনি মৌখিকভাবে বিদ্যালয়ের ছুটি ঘোষণা দেন।
এজন্য কারো অনুমতি নেননি বলেও স্বীকার করলেও কেন তা নেননি জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
তবে সাংসদ সোহরাব তার ভগ্নিপতি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “আজ (বৃহস্পতিবার) সকালে আমি জানতে পারি বিদ্যালয় বন্ধ।
“প্রধান শিক্ষক এজন্য আমাকে অবহিত করেননি এবং সম্পূর্ণ অনৈতিকভাবে তিনি এটা করেছেন।”
একই অভিযোগ করেন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “অন্যায়ভাবে বন্ধ দেয়া হয়েছে। এর ফলে লেখাপড়ার ক্ষতি হওয়ায় ক্ষুদ্ধ অভিভাবরা তাদের কাছে এর প্রতিকার দাবি করেছেন।”
এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান লিটন জানান, বর্তমান সাংসদ প্রধান শিক্ষকের ভগ্নিপতি।
অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, “উনি যা বলেন তা আমাদের শুনতে হয়।”
