২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার প্রস্তুতি তুরাগ তীরে

আগামী ২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে প্রস্তুতিপর্ব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 02:08 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান,  ইজতেমার প্রথম দফায় বিদেশি মুসল্লিদের সঙ্গে দেশের ৩২ জেলার মুসল্লিরা যোগ দেবেন। 

এজন্য পুরো ইজতেমা ময়দানকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে।

২২ জানুয়ারি মুসল্লিরা খিত্তায় অবস্থান নেবেন। ইতোমধ্যে কয়েক হাজার বিদেশি অতিথি পৌঁছে গেছেন।

ইজতেমা উপলক্ষে তুরাগতীরে ভাসমান সেতু স্থাপন, গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন সংযোগসহ সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি বিষয়ক একটি সভা বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, সভায় মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২৬ জানুয়ারি  ইজতেমার প্রথম দফা শেষে দ্বিতীয় দফা শুরু হবে ৩১ জানুয়ারি। দ্বিতীয় দফা শেষ হবে ২ ফেব্রুয়ারি।

মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় গত তিন বছর ধরে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

এবার প্রথম দফায় গাজীপুর, ঢাকা, সিরাজগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ি,  শরিয়তপুর, নাটোর, শেরপুর, দিনাজপুর, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী, সিলেট, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, যশোর, ভোলা, বরগুনা ও ঝালকাঠির মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন।