সেনানিবাসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তৃতীয়বারের মতো সরকার গঠন করে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ৯টায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাকে অভ্যর্থনা জানান।
এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।
শিখ অনির্বাণে ফুল দিয়ে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী।
তিনি সশস্ত্র বাহিনী বিভাগে গেলে এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে অভ্যর্থনা জানান।
সশস্ত্র বাহিনী বিভাগে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারিক আহমেদ সিদ্দিকও সেখানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
