২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে বসেছে নতুন মন্ত্রিসভা

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা প্রথম বৈঠকে বসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 07:28 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র আ ফ ম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পর এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাড়ে ১১টার পর সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানান তিনি।

সাধারণত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হলেও সরকার গঠনের পাঁচ দিনের মাথায় বৈঠকে বসল ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা।

গত ১২ জানুয়ারি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই দিন ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নিলে ওইদিনই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।

গত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী না থাকলেও এবার দুই জনকে উপমন্ত্রী রাখা হয়েছে।

বিএনপিকে ছাড়া গত ৫ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে ২৯ মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

গত সোমবারই বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন।