লক্ষ্মীপুরে ২১ কেন্দ্রে ভোট বৃহস্পতিবার
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন লক্ষ্মীপুর-১ আসনের স্থগিত হওয়া ২১টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে।
ব্যালট পেপার ছিনতাই, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল আলম জানান, নির্বাচানের দিন প্রতি কেন্দ্রে ২০ জন পুলিশ সদস্য ১২ জন আনসার থাকবে।
এছাড়া পুলিশের ১৪টি মোবাইল টিম, র্যাবের ৭টি, সেনা বাহিনীর ৭টি এবং বিজিবির ১৭টি টিম ও ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন থাকবেন।
ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলেও তিনি জানান।
কেন্দ্রগুলো হলো জয়পুরা, রাঘবপুর, কাওয়ালীডাঙ্গা, নিচহরা, নোয়াগাঁও ১, নোয়াগাঁও ২, নারায়ণপুর, নয়নপুর, শ্রীরামপুর, রসুলপুর, দরবেশপুর, বদরপুর, নাগমুদ, মাছিমপুর, কাশিমনগর, নুনিয়াপাড়া, কালিকাপুর, সোন্দড়া, উত্তর হরিশ্চর, পানিয়ালা ও হোসনাবাদ।
এ আসনের ৮১ কেন্দ্রের মধ্যে ৬০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৫৪,৯২৬ ভোটের মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও মহাজোট মনোনীত প্রার্থী এম এ আউয়াল নৌকা মার্কা নিয়ে ৩২,০৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম আনারস মার্কা নিয়ে ২০,৯১১ ও জাতীয় পার্টির মাহমুদুর রহমান লাঙল মার্কায় পেয়েছেন ১৯৫৮ ভোট।
স্থগিত ২১ কেন্দ্রে ভোটার সংখ্যা হলো ৫০,২৭৯।
