চট্টগ্রামে বোমা ফাটানোর পর ২ শিবির কর্মী গ্রেপ্তার
সংগঠনের নেতা নিহতের প্রতিবাদে চট্টগ্রামে ডাকা হরতালে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার নগরীর টেরি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার মীর্জা সায়েম মাহমুদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা সোয়া ১১টার দিকে কোতোয়ালী থানার টেরিবাজার এলাকায় কয়েকজন শিবির কর্মী ঝটিকা মিছিল করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এসময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্র শিবিরের শাহ আমানত হল শাখার সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহত হন। এর প্রতিবাদে বুধবার তিন পার্বত্য অঞ্চল ছাড়াও বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনটি।
