পদত্যাগপত্র দিলেন জাবি ভিসি অধ্যাপক আনোয়ার
আন্দোলনের মুখে বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে কিছু জানি না আমি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক একদিন আগেই বলেছিলেন, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে উপাচার্য তার একান্ত সচিব ছানোয়ার হোসেনের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পদত্যাগপত্র পাঠান।
অধ্যাপক আনোয়ারের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষক সমিতি এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
উপাচার্য পদত্যাগ করতে যাচ্ছেন- এই খবরে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে মিষ্টি বিতরণ করেন আন্দোলনরত শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকদের নেতা অধ্যাপক আমির হোসেন বলেন, “তার পদত্যাগে স্বস্তি ও স্থিতিশীলতা আসবে বিশ্ববিদ্যালয়ে।”
২০১২ সালের জানুয়ারি মাসে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার বিচার দাবি এবং ঢালাওভাবে শিক্ষক নিয়োগের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরীফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে অধ্যাপক আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয় সরকার।
পরে তিনি নির্বাচিতও হন। তবে বিভিন্ন দাবিতে তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। এর ফলে গত বছরের অধিকাংশ সময় অচল ছিল সাভাবে অবস্থিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টি।
জাবি ‘ছাড়লেন’ অধ্যাপক আনোয়ার
জাবি উপাচার্যের বাড়িতে শিক্ষকদের অবস্থান চলছে
